গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের শিশুসহ চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তার স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতি দেবরাজ বিশ্বাস (১৫)। তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। সেই জেরে বৃহস্পতিবার ক্ষিতিশ বিশ্বাসের নাতির ওপর আজিবর মোল্যার লোকজন চড়াও হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এতে নারী ও শিশুসহ চারজন আহত হন।
তবে অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা দাবি করেন, "খেলাধুলা নিয়ে শিশুদের মধ্যে হাতাহাতি হয়েছিল, পরে মহিলাদের মধ্যে চেঁচামেচি হয়েছে। থানায় যেভাবে অভিযোগ করা হয়েছে, তেমন কিছু ঘটেনি।"
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
.jpeg)
No comments:
Post a Comment