বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, July 18, 2026

ভূতনাথ ধামে দুর্বৃত্তদের হামলা, মূর্তি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নওগাঁ, ১৮ জুলাই ২০২৬: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর সোনাপুর বেলী ব্রিজ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ভূতনাথ ধামে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে একদল দুর্বৃত্ত ধামে প্রবেশ করে ভূতনাথ বাবার মূর্তি ভাঙচুর ও দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও ভক্তরা জানান, সকালে ধামে এসে তারা ভাঙচুরের চিত্র দেখতে পান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করতে শুরু করে।

এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের হামলাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা ধামের নিরাপত্তা জোরদার ও ক্ষতিগ্রস্ত ধাম পুনরুদ্ধারে সহায়তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"