বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য এবং গঠনতন্ত্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক পত্রে এ নোটিশ জারি করা হয়। নোটিশপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বক্সী সূর্য এবং সাধারণ সম্পাদক চঞ্চল সাহা।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জুন পলাশবাড়ীর রাধাগোবিন্দ ও কালী মন্দির-সংক্রান্ত বিষয়ে জেলা শাখার এই দুই নেতা অন্য দুটি সংগঠনের সঙ্গে যৌথভাবে সাংবাদিকদের কাছে একটি বিবৃতি উপস্থাপন করেন। ওই বিবৃতিতে তাঁরা মন্দিরের শ্রী হরিদাস চন্দ্র তরুণী দাসের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ আনেন এবং মন্দির পরিচালনার জন্য নতুন বোর্ড গঠনের আহ্বান জানান। পাশাপাশি তাঁর ফেসবুক লাইভের বক্তব্যের বিষয়ে প্রশাসনের নজরদারি কামনা করেন।
কেন্দ্রীয় কমিটির দাবি, এ ধরনের সংবেদনশীল বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিবৃতি দেওয়া সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। এছাড়া অন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে বোর্ড গঠনের আহ্বানও সংগঠনের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নোটিশে আরও বলা হয়, জেলা শাখার নেতাদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বিবৃতির কারণে দেশ-বিদেশে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এ ঘটনায় কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment