বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 3, 2026

রামমূর্তি নির্মাণের জের ধরে পলাশবাড়ির হরিদাসের বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রাধা গোবিন্দ কালী মন্দিরে ভগবান রামের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও মন্দির সংশ্লিষ্ট হরিদাস চন্দ্র তরণী দাসের কথিত ঔদ্ধত্যপূর্ণ ফেসবুক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলার সনাতনী সম্প্রদায়ের শীর্ষ তিনটি সংগঠন। গতকাল গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি বিরতি রঞ্জন সরকার। বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর হরিদাস চন্দ্র তরণী দাস স্থানীয় সনাতনীদের সঙ্গে আলোচনা ছাড়াই এককভাবে রামমূর্তি নির্মাণের কাজ শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রশাসনের ডাকা মতবিনিময় সভায় নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হরিদাস ফেসবুকে যে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, তা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে বলে দাবি করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ হরিদাসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ কালী মন্দিরটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি বোর্ড গঠনেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য ও কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক বিপুল কুমার দাস প্রমুখ। নেতারা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেন।

No comments:

Post a Comment

"
"