নোয়াখালীর চৌমুহনীতে শ্রীশ্রী রথযাত্রা উপলক্ষে নির্মিত স্বাগত তোরণ ও ব্যানারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিদ্বেষমূলক প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রথযাত্রা উপলক্ষে চৌমুহনীর প্রধান সড়কে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে তোরণ ও ব্যানার স্থাপন করা হয়। এরপরই একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ওই তোরণ ও ব্যানারের নিচ দিয়ে চলাচল করলে মুসলমানদের ধর্মীয় বিশ্বাস ক্ষুণ্ন হবে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের অভিযোগ, বিষয়টি ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা।
তারা বলেন, "রথযাত্রা আমাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছরের মতো এবারও তোরণ-ব্যানার স্থাপন করা হয়েছে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে।" তাদের দাবি, সংবিধান সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে, তাই নির্বিঘ্নে উৎসব পালনের অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।
স্থানীয় মানবাধিকারকর্মী ও সনাতনী সমাজের প্রতিনিধিরা সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া না গেলেও, স্থানীয়রা গুরুত্বের সঙ্গে তদন্ত ও রথযাত্রা নির্বিঘ্নে আয়োজনের পরিবেশ নিশ্চিতের প্রত্যাশা করছেন।
.jpeg)
No comments:
Post a Comment