চট্টগ্রাম, ১৮ জুলাই ২০২৬: ধর্মীয় অসহিষ্ণুতা ও বিভেদের খবরের মাঝে চট্টগ্রামের জামালখান মোড়ে দেখা গেল মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রথযাত্রা উৎসবে অংশ নেওয়া শত শত ক্লান্ত ও তৃষ্ণার্ত সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের মধ্যে বিনামূল্যে সুপেয় পানির বোতল বিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন আরমান হোসেন নামের এক মুসলিম যুবক।
আরমান হোসেন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফিরিঙ্গি বাজারের জনপ্রিয় ‘ওরশ বিরানি’র উদ্যোক্তা।
গতকাল (১৭ জুলাই) জামালখান মোড়ে রথযাত্রার উৎসবে প্রচণ্ড গরমে পুণ্যার্থীরা যখন তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়ছিলেন, তখন আরমান নিজের উদ্যোগে পানির বোতল নিয়ে তাদের পাশে দাঁড়ান। ধর্ম-বর্ণের গণ্ডি পেরিয়ে তিনি তৃষ্ণার্ত মানুষের হাতে পানি তুলে দেন—যেখানে প্রধান পরিচয় ছিল মানুষের প্রয়োজন, না ধর্মীয় পোশাক বা পরিচয়।
এই মানবিক মুহূর্তের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়। অসংখ্য নেটিজেন তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিলয় চক্রবর্তী নামের এক ব্যক্তি প্রথম ঘটনাটি তুলে ধরেন। তিনি লিখেছেন, “তৃষ্ণার্ত হিন্দু পুণ্যার্থীদের জল বিতরণের এই দৃশ্য বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।”
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি নিয়ে নানা বিতর্ক থাকলেও আরমানের এই উদ্যোগ প্রমাণ করেছে—সবকিছুর ঊর্ধ্বে মানবতাই শ্রেয়।
এই মানবিক কাজের জন্য চট্টগ্রামের সাধারণ নাগরিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা আরমান হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন। নেটিজেনদের একটাই সুর—‘মানুষ মানুষের জন্য, জয় হোক মানবতার।’
.jpeg)
No comments:
Post a Comment