বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, August 6, 2026

নওগাঁর পত্নীতলায় সীমান্ত থেকে ৯৪ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলা উপজেলায় সীমান্তবর্তী এলাকা থেকে ৯৪ দশমিক ৭৫০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত ৩ আগস্ট পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সহকারী পরিচালক মো. হাছানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খঞ্জনপুর বিওপির সীমান্তবর্তী মরাডাঙ্গা এলাকার বনবিভাগের পুরাতন আকাশমনি বাগানে অভিযান চালানো হয়। সেখানে সংঘবদ্ধ চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মূর্তিটি ফেলে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।

উদ্ধারকৃত মূর্তিটি স্থানীয় নজিপুর জুয়েলারি সমিতির অভিজ্ঞ কর্মকার এবং পরবর্তীতে ৪ আগস্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুরের প্রতিনিধি দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তারা মূর্তিটিকে ১১-১২ শতকে ব্যবহৃত উচ্চমানের কষ্টিপাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে চিহ্নিত করেন।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


 

No comments:

Post a Comment

"
"