বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, August 10, 2026

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতির দাবি, চুক্তি বাস্তবায়নে উদ্যোগ চান নাগরিক সমাজ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনা সভায় আদিবাসীদের সাংবিধানিক ও আইনগত স্বীকৃতি, ভূমি অধিকার, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা অভিযোগ করেন, ভূমি দখল, উচ্ছেদ, চাঁদাবাজি, সন্ত্রাস, বৈষম্য ও নারী নির্যাতনের কারণে পাহাড় ও সমতলের আদিবাসীদের সামাজিক জীবন ক্রমশ দুর্বল হচ্ছে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘দেশে প্রায় ৪০ লাখ আদিবাসী বসবাস করেন। তাদের ভাষা, পরিচয়, ভূমি ও সংস্কৃতির সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। উন্নয়নের নামে আদিবাসীদের ভূমি দখল ও উচ্ছেদ বন্ধ করতে হবে।’

চুক্তির ২৯ বছর, বাস্তবায়ন হয়নি

সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও আদিবাসীদের অনেক মৌলিক অধিকার বাস্তবায়িত হয়নি। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৯ বছর পার হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা।’

আট দফা দাবি

বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—

আত্মনিয়ন্ত্রণের অধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণা

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন

আদিবাসীদের বিষয়ে বিকৃত তথ্য প্রচার বন্ধ

নির্যাতন বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার

জাতিসংঘের আদিবাসী ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ অনুসমর্থন

রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য ৫% সংরক্ষিত কোটা যথাযথ বাস্তবায়ন

আলাদাভাবে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার আয়োজনে আলোচনা সভায় বক্তারা বলেন, তিন দশকের বেশি সময় ধরে দিবসটি পালন করা হলেও রাষ্ট্র এখনো আদিবাসীদের স্বীকৃতি দেয়নি। চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, এ পরিস্থিতি অনন্তকাল চলতে পারে না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, ‘১৯৭১ সালে বৈষম্যহীন ও সাম্যভিত্তিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হলেও সব জনগোষ্ঠীর অধিকার সমানভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।’ সাংবাদিক সোহরাব হাসান বলেন, ‘আদিবাসীদের স্বীকৃতি দিতে রাষ্ট্র ভয় পেলে তাদের ভূমি অধিকার নিশ্চিত হবে—এমনটা বিশ্বাস করা কঠিন।’


 

No comments:

Post a Comment

"
"