আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের উদ্যোগে আগামী ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। নয় দিনব্যাপী এই আয়োজন উপলক্ষে গতকাল ১৩ জুলাই আয়োজিত এক মতবিনিময় সভায় ইসকন জানায়, প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসবটি পালিত হবে।
প্রথম দিন সকাল ৮টায় ইসকনের স্বামীবাগ মন্দিরে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনায় বৈদিক মন্ত্র উচ্চারণ ও অগ্নিযজ্ঞের মাধ্যমে রথযাত্রার শুভ সূচনা করা হবে। দুপুর ৩টায় মূল শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে বের হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, পল্টন, প্রেসক্লাব, কার্জন হল ও শহীদ মিনার ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। ২৪ জুলাই উল্টো রথ একই পথে ঢাকেশ্বরী থেকে স্বামীবাগে ফিরবে।
উৎসবের সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ইসকনের নিজস্ব পাঁচ শতাধিক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলে জানানো হয়। ইসকন বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশে এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক বন্ধন ও জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
মতবিনিময় সভায় ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, সাধারণ সম্পাদক শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সরকার, পুলিশ, র্যাব ও গণমাধ্যমের সহযোগিতায় সফলভাবে এই মহতি আয়োজন সম্পন্নের আহ্বান জানানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment