বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, August 28, 2026

সাতক্ষীরায় দেড় লাখ দিয়াশলাই কাঠিতে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা


শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতে দেশজুড়ে প্রতিমা তৈরির ধুম পড়েছে। তবে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরের শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে চলছে এক ভিন্নধর্মী আয়োজন। সেখানে মাটি বা খড়ের চিরাচরিত আবরণের বদলে দেড় লাখেরও বেশি দিয়াশলাইয়ের (ম্যাচ) কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম দেখতে পূজা শুরুর আগেই মণ্ডপে ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।

মণ্ডপ ঘুরে দেখা গেছে, শরতের সাদা মেঘ আর কাশফুলের আগমনী বার্তার মধ্যে চারজন শিল্পী দিনরাত কাজ করছেন। মাটির অবয়বের ওপর নিখুঁতভাবে বসানো হচ্ছে দেড় লাখের বেশি দিয়াশলাই কাঠি। তার ওপর রেশমি সুতার সূক্ষ্ম নকশায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর অলংকার ও পোশাক।

প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার জানান, তিনি ভারত থেকে দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরির এই বিশেষ কৌশল শিখেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো এমন কাজ করছেন। কয়েক মাস ধরে নিপুণ শ্রম দিয়ে প্রতিমাটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হচ্ছে।

ব্রহ্মরাজপুর পূজা উদযাপন কমিটির সভাপতি গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘গত বছর আমরা ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে প্রতিমা তৈরি করে চমক দিয়েছিলাম। এবার আরও নতুনত্ব আনতে দিয়াশলাই কাঠি ও রেশমি সুতার ব্যবহার করা হয়েছে। এতে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে। দিয়াশলাইয়ের কাঠি দাহ্য হওয়ায় বিশেষ রাসায়নিক ব্যবহার করে এর অগ্নিঝুঁকি কমানোর ব্যবস্থাও করা হয়েছে।’

কমিটির উপদেষ্টা কানাই লাল সাহা জানান, বাংলাদেশের মধ্যে সম্ভবত প্রথমবারের মতো এত বিপুল পরিমাণ দিয়াশলাই কাঠি দিয়ে প্রতিমা তৈরি করা হচ্ছে। এ কারণে এবার দেশ-বিদেশের বহু দর্শনার্থীর সমাগম হবে বলে তাঁরা আশা করছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ জানান, এবার সাতক্ষীরায় পাঁচ শতাধিক মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। তবে ব্রহ্মরাজপুরের এই ব্যতিক্রমী আয়োজন পুরো জেলায় উৎসবের আমেজে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

No comments:

Post a Comment

"
"