বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, August 16, 2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গরুর মাংস বিতরণ নিয়ে বিতর্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের উদ্যোগে আয়োজিত লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের গরুর মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।

অভিযোগকারীরা বলছেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাস বিবেচনায় না নিয়ে তাদের হাতে গরুর মাংসের ভুনাখিচুড়ি পৌঁছে দেওয়া হয়, যা তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে আয়োজকরা দাবি করেছেন, এটি কোনো ইচ্ছাকৃত ঘটনা নয়। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে মোরগ পোলাওয়ের ব্যবস্থা করা হয়েছিল, তবে খাবার পৌঁছাতে দেরি হওয়ায় তা সময়মতো দেওয়া সম্ভব হয়নি। জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব বলেন, ‘সনাতন শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভুল বোঝাবুঝি।’

তিনি জানান, খাবারগুলো স্টেজের পেছনে রাখা ছিল এবং আয়োজকদের অজান্তে কয়েকজন অন্য শিক্ষার্থী মোরগ পোলাও খেয়ে ফেলেন, যার ফলে ভুলবশত গরুর মাংসের বক্স সনাতন শিক্ষার্থীদের হাতে চলে যায়। বিষয়টি জানাজানি হলে তিনি দ্রুত আরও ৫০টি মোরগ পোলাও এনে বিকল্প ব্যবস্থা করেন এবং আয়োজকদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।

শিক্ষার্থীরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো আয়োজনে অংশগ্রহণকারীদের ধর্মীয় বিশ্বাস ও খাদ্যাভ্যাসের প্রতি শ্রদ্ধা দেখানো আবশ্যক। বিশেষ করে খাবারের ক্ষেত্রে পৃথক ব্যবস্থা থাকলে তা আগে থেকেই ঘোষণা করা উচিত, যাতে কোনো বিভ্রান্তি বা অস্বস্তির সৃষ্টি না হয়।

No comments:

Post a Comment

"
"