নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামের পালপাড়ায় হিন্দু পরিবারগুলোকে লক্ষ্য করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি পরিবারের বাড়ির বারান্দায় হুমকিমূলক চিঠি রেখে যায়, যাতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালপাড়ার বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল চিঠিটি দেখতে পান এবং বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানান। চিঠিতে উল্লেখ করা হয়, বিষয়টি কাউকে জানানো যাবে না এবং পালপাড়ার প্রতিটি হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে সবাইকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। চিঠিতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে এবং একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর তা অন্য হিন্দু পরিবারগুলোকেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। খবর পেয়ে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে চিঠিটি জব্দ করে। পুলিশ জানিয়েছে, চিঠির উৎস শনাক্ত ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

No comments:
Post a Comment