ফরিদপুরের নগরকান্দা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরে তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী (৩০) পূজা দিতে গিয়ে মূর্তি দুটি দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে তিনি মন্দির কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, রোববার রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের কার্যক্রম শেষে তালা লাগিয়ে পাশের বাসায় চলে যান রমা চক্রবর্তী। রাত সাড়ে ১২টার দিকে তিনি একবার মন্দিরের আশপাশ পরিদর্শন করে আবার বাসায় ফিরে যান। সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে মন্দিরে গিয়ে দেখেন, ভেতরে রাখা দুটি পিতলের মূর্তি নেই এবং মন্দিরের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে।
সেবায়েতের ধারণা, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূর্তি দুটি নিয়ে গেছে। চুরি যাওয়া মূর্তি দুটির মোট ওজন আনুমানিক ২২ কেজি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূর্তি উদ্ধারে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.jpeg)
No comments:
Post a Comment