নেপাল-তিব্বত সীমান্তের ভয়াবহ আকস্মিক বন্যায় সৃষ্ট পাহাড়ি ঢল ভারতের বিহার হয়ে গঙ্গায় মিশে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নেপালে দেখা দেওয়া ঢলের পুরো তীব্রতা বাংলাদেশে পৌঁছানোর সম্ভাবনা কম, কারণ কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে পানি বিভিন্ন শাখায় ছড়িয়ে পড়বে এবং ঢলের শক্তি অনেকটাই কমে যাবে। তাই আপাতত আতঙ্কিত না হয়ে গঙ্গা-পদ্মা অববাহিকার পানির উচ্চতা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
নেপালের ভোটি কোশি ও ত্রিশুলি নদী দিয়ে নেমে আসা বন্যার পানি বৃহস্পতিবার নারায়ণী-গণ্ডক নদী ব্যবস্থায় প্রবেশ করেছে। নেপালে নারায়ণী নামে পরিচিত এই নদী ভারতের বিহারে গণ্ডক নামে প্রবাহিত হয়ে হাজিপুর ও সোনপুরের কাছে গঙ্গায় মিশেছে। এরপর গঙ্গার পানি পূর্বদিকে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের ফারাক্কা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলে তা পদ্মা নামে পরিচিত হয়।
এই সম্ভাব্য পথে পানি বাংলাদেশে ঠিক কখন এবং কী পরিমাণে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
ভারতের গণ্ডক অববাহিকায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিহারের বাল্মীকিনগর গণ্ডক ব্যারাজের ৩৬টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেখানে একপর্যায়ে প্রায় ১ লাখ ৫০ হাজার কিউসেক পানি ছাড়া হলেও পরে প্রবাহ কমতে শুরু করেছে। বিহারের পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সরণ, মুজাফফরপুর ও বৈশালীসহ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশিনাশরেও নজরদারি বাড়ানো হয়েছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, নেপালের পাহাড়ি ঢলের পানি ফারাক্কা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তবে দীর্ঘ নদীপথ অতিক্রমের কারণে ঢলের তীব্রতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশনের পর্যবেক্ষণেও ভাটির দিকে যাওয়ার সময় বন্যার ঢেউয়ের তীব্রতা কমে যাওয়ার আশঙ্কা কম বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সারদার উদয় রায়হান জানান, বাংলাদেশে পানির উচ্চতা শুধু নেপালের ঢলের ওপর নির্ভর করবে না। ফারাক্কা এলাকায় পানির প্রবাহ, ভারতের গঙ্গায় বিদ্যমান পানির পরিমাণ, বাংলাদেশের স্থানীয় বৃষ্টি এবং পদ্মার নিজস্ব প্রবাহও পরিস্থিতির ওপর প্রভাব ফেলবে।
বিশেষজ্ঞরা বলছেন, নেপালের ভয়াবহ বন্যায় বাংলাদেশেও একই মাত্রার বন্যা হবে—এমন আশঙ্কার এখনই কোনো ভিত্তি নেই। তবে আন্তঃসীমান্ত নদীর কারণে বিষয়টি পুরোপুরি উপেক্ষা করারও সুযোগ নেই। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়াসহ গঙ্গা-পদ্মার তীরবর্তী এলাকা এবং চরাঞ্চলে নদীর পানি বাড়ছে কি না, তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।
.jpeg)
No comments:
Post a Comment