মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় পাশাপাশি অবস্থিত দুটি মন্দিরে রাতের আঁধারে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা প্রবেশ করে প্রতিমা ভাঙচুর ও মন্দিরের বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি করে। সকালে পূজার জন্য মন্দিরে গিয়ে ভক্তরা এই ভাঙচুরের চিত্র দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসী মন্দির দুটির সামনে জড়ো হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম চলছে। মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় তারা হতবাক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মন্দির দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জেলার অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment