গাজীপুর, ১৩ আগস্ট ২০২৬: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে বাবার কেনা জমিতে মায়ের মরদেহ সৎকারে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। ১৯ ঘণ্টা পর সরকারি খাস জমিতে মরদেহ সৎকার করতে হয়েছে ছেলে ও স্বজনদের। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়ির পাশেই ওই খাস জমিতে সৎকার সম্পন্ন হয়।
নিহত শ্রী মেনোকা (৬০) আক্তাপাড়া গ্রামের শ্রী গোপালের স্ত্রী ছিলেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। তিনি আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন।
নিহতের ছেলে সুনীল চন্দ্র বর্মন জানান, প্রায় ৪-৫ বছর আগে স্থানীয় সফির উদ্দিনের কাছ থেকে এক শতাংশ জমি ক্রয় করেন তারা। তবে জমিটি সাব-কবলা দলিল করে নিতে পারেননি। মা মারা গেলে ওই জমিতে সৎকার করতে গেলে সফির উদ্দিন বাধা দেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা একাধিকবার সমাধানের চেষ্টা করলেও কোনো সুরাহা হয়নি। সুনীল চন্দ্র বলেন, ‘আমরা আদিবাসী বলেই আজ আমাদের সঙ্গে এমন আচরণ করা হলো।’
পরবর্তীতে বুধবার সকালে বাড়ির পাশে সরকারি খাস জমিতে সৎকার করা হয় মেনোকাকে।
মৃতার ভাই নির্ধারণ জানান, তাদের বাবা মারা যাওয়ার আগে ওই জমি কিনেছিলেন। কিন্তু সফির উদ্দিন জমি বিক্রির বিষয়টি অস্বীকার করছেন এবং মরদেহ সৎকারে বাধা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে সফির উদ্দিন বলেন, ‘আমার জমিতে আদিবাসী মহিলাকে সৎকার করতে দেব না। তাদের কাছে আমি কোনো জমি বিক্রি করিনি এবং কোনো টাকা নিইনি।’
স্থানীয় বিএনপি নেতা ও মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, তারা সফির উদ্দিনকে অনেক বুঝিয়েও সমাধান করতে পারেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সফির উদ্দিনকে বোঝানোর চেষ্টা করলেও তিনি সৎকার করতে দেননি। পরে স্বজনরা সরকারি খাস জমিতে মরদেহ সৎকার করেন।
.jpeg)
No comments:
Post a Comment