বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 19, 2026

ভোলার লালমোহনে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা: আহত ২, লুটপাটের অভিযোগ

ভোলা, ১৮ জুলাই ২০২৬: ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উরন সাধু বাড়ি এলাকায় এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হামলার শিকার গোপাল কৃষ্ণ দাস (৪২), তার পিতা ওরন চন্দ দাস এবং স্ত্রী আখি রানি দাস (৩৩) বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে শনিবার সকালে আবু কালামের নেতৃত্বে একটি দল তাদের জমিতে জোরপূর্বক চাষ দিতে গেলে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু কালাম, জাহিদ, কামাল মাঝি, শফিকসহ প্রায় ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা গোপাল কৃষ্ণ দাস ও তার স্ত্রীকে মারধর করে গুরুতর আহত করেন এবং একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে নগদ ৬ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গোপাল কৃষ্ণ দাস দাবি করেন, অভিযুক্তরা এর আগে তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা (মামলা নং-৬১৬, তারিখ: ১ ডিসেম্বর ২০২৫) করেছিলেন, তবে আদালত তাদের পক্ষে রায় দেওয়ায় অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।

অভিযুক্ত আবু কালাম ও অন্যদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে তারা পালাতক রয়েছেন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"