বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, September 27, 2026

নারায়ণগঞ্জের বন্দরে জুয়েলারি দোকানে দিনদুপুরে ডাকাতির অভিযোগ, স্বর্ণ-রুপার অলংকার লুট


নারায়ণগঞ্জের বন্দরে একটি জুয়েলারি দোকানে দিনদুপুরে ঢুকে অস্ত্রের মুখে দোকানমালিক ও উপস্থিত লোকজনকে জিম্মি করে স্বর্ণ ও রুপার অলংকার লুটের অভিযোগ উঠেছে। দোকানমালিকের দাবি, এ সময় তাকে মারধরও করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানমালিক দেবাশীষ ঢালীর অভিযোগ, দুপুরে ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্র নিয়ে তার দোকানে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে থাকা লোকজনকে জিম্মি করে এবং তাকে মারধর করে। একপর্যায়ে তারা দোকানের বিভিন্ন স্থান থেকে স্বর্ণ ও রুপার অলংকার নিয়ে যায়।

দেবাশীষ ঢালীর ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা ক্রেতাদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণের অলংকার এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও সাড়ে ৪ ভরি স্বর্ণ নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৮ ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপার অলংকার লুট হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর দোকানমালিক জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া অলংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।


 

No comments:

Post a Comment

"
"