বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, June 21, 2026

রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

রাজশাহী মহানগরীর একটি স্বর্ণের দোকানে সংঘটিত বড় ধরনের চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। কারুশ্রী জুয়েলার্সের মালিকের দাবি, সংঘবদ্ধ চোরচক্র তার দোকান থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী তুর্য সরকার জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাসায় যান। পরদিন সাপ্তাহিক ছুটির কারণে দোকান বন্ধ ছিল। এই সুযোগে চোরেরা পাশের একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে কারুশ্রী জুয়েলার্সে প্রবেশ করে।

তার অভিযোগ, চোরেরা দোকানের প্রায় সব স্বর্ণালঙ্কার নিয়ে গেলেও যেই দোকানের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করেছে, সেখান থেকে কোনো মালামাল নেয়নি। এছাড়া বের হওয়ার সময় পাশের দোকানের শাটার ও তালা আগের মতো লাগিয়ে রেখে যায়, ফলে ঘটনাটি কিছু সময়ের জন্য ধরা পড়েনি।

ঘটনার পর বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার আহ্বানে মহানগর ও জেলার অধিকাংশ স্বর্ণের দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা।

বাজুসের নেতারা দাবি করেছেন, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিত ও সংঘবদ্ধ অপরাধের অংশ। তাদের অভিযোগ, চোরেরা সিসিটিভি ব্যবস্থাও অকার্যকর করে দেয়, যাতে কোনো তথ্যপ্রমাণ না থাকে।

ব্যবসায়ীরা দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া স্বর্ণ উদ্ধার করার দাবি জানিয়েছেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কারা এই চুরির সঙ্গে জড়িত, কীভাবে স্বর্ণ লুট করা হয়েছে এবং কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি রাজশাহীর স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

No comments:

Post a Comment

"
"