বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 19, 2026

ঠাকুরগাঁওয়ে ৭০ বছরের দাম্পত্যের অনন্য পরিসমাপ্তি, স্বামীর মৃত্যুর এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় দীর্ঘ সত্তর বছরের দাম্পত্য জীবনের এক হৃদয়স্পর্শী পরিসমাপ্তি ঘটেছে। ৯০ বছর বয়সী স্বামী নগেন চন্দ্রের মৃত্যুর প্রায় এক ঘণ্টা পর শোকে মুহ্যমান হয়ে মারা গেছেন তার ৭৮ বছর বয়সী স্ত্রী সিনজো বালা। আজ সকালে উপজেলার ধর্মগড় পোড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে, যা পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্র জানায়, নগেন চন্দ্র বেশ কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আজ ভোর ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামীর মৃত্যু দেখার পর সিনজো বালা বারবার জ্ঞান হারাতে থাকেন এবং ভোর ৬টার দিকে তিনিও মারা যান। তাদের দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাত দশকের বিবাহিত জীবনে এই দম্পতিকে কখনো ঝগড়া করতে দেখেননি তারা, ছিলেন অবিচ্ছেদ্য। এক গ্রামবাসীর ভাষায়, "জীবনে যেমন এক ছিলেন, মৃত্যুতেও তেমনই এক হলেন।" আজ বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের নাগর নদীর একটি চরে একসঙ্গে তাদের দাহ করা হয়। এ সময় আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা অশ্রুসিক্ত নয়নে তাদের বিদায় জানান। এই ব্যতিক্রমী সহমরণের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

No comments:

Post a Comment

"
"