বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 18, 2026

খুলনায় কিশোরী গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেওয়ার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার

খুলনায় গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে এক কিশোরী গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় পুলিশের দুই সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। মামলার পর পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে থানায় মামলা করেন। নির্যাতনের শিকার কিশোরীকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে বুধবার দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ নির্যাতনের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়ার অজুহাতে গৃহকর্ত্রী পপি মিত্র ওই কিশোরীর মুখমণ্ডল ও শরীরে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দেন। যন্ত্রণায় মেয়েটি মুখ ফেরানোর চেষ্টা করলে তাকে কান ধরে ওঠবস করানো হয় বলেও জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী প্রায়ই গৃহকর্মীটির ওপর শারীরিক নির্যাতন করতেন। ভুক্তভোগীর শরীরে পুরোনো আঘাতের চিহ্নও দেখা গেছে। ঘটনার সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়, পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"