গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিমা নির্মাণে বাধা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহিদ বুদ্ধিজীবী চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষকসহ প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বক্তারা পলাশবাড়ীর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি, সংখ্যালঘুদের জীবন-সম্পদ-উপাসনালয়ের নিরাপত্তা জোরদার এবং সকল ধর্মাবলম্বীর সমান অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়। পাশাপাশি একটি স্বাধীন ও কার্যকর সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবি তোলেন বক্তারা। তাদের মতে, এ কমিশন অভিযোগের কার্যকর প্রতিকার ও অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। ধর্মীয় বিদ্বেষ ও উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।
.jpeg)
No comments:
Post a Comment