বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 18, 2026

উখিয়ার কুতুপালংয়ে ৩২০ হিন্দু রোহিঙ্গা পরিবারের ত্রাণ বন্ধের অভিযোগ, চার মাস ধরে খাদ্য ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় বসবাসরত ২০২৪ সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩২০টি হিন্দু রোহিঙ্গা পরিবার গত চার মাস ধরে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলেছে।
ভুক্তভোগীদের দাবি, ২০২৬ সালে এসে তাদের নাম খাদ্য সহায়তার তালিকা থেকে বাদ পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে তারা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে এসব পরিবার ক্যাম্পের বাইরে ভাড়া বাসায় বসবাস করছে বলেও জানিয়েছেন তারা।
হিন্দু রোহিঙ্গা শরণার্থী আসিস শীল ও সুশুধন ধর অভিযোগ করে বলেন, কয়েক মাস ধরে তারা কোনো ধরনের খাদ্যসামগ্রী বা চিকিৎসাসেবা পাচ্ছেন না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান মেলেনি বলে তাদের অভিযোগ।
একই অভিযোগ করেন উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা বাবুল শর্মাও। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া প্রয়োজন।
ভুক্তভোগীরা জানান, তারা কুতুপালং হিন্দু রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ (সিআইসি) শরিফুল ইসলামের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আশা, সংশ্লিষ্ট প্রশাসন ও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলো দ্রুত বিষয়টি তদন্ত করে তাদের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সহায়তা পুনরায় নিশ্চিত করবে।

No comments:

Post a Comment

"
"