মানিকগঞ্জের ঘিওর উপজেলার চরকোশুন্ডা সর্বজনীন কালীমন্দিরে অনুষ্ঠিত বাৎসরিক কালীপূজা ও ভক্ত সমাবেশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেছেন, বর্তমান সরকার বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছে এবং কোনো ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না।
শনিবার (৪ জুলাই) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে পালন করতে পারবেন। তিনি বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার" এই নীতিতেই সরকার বিশ্বাস করে।
বিজন কান্তি সরকার আরও বলেন, সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। তিনি দাবি করেন, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন, পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি দেশের সার্বিক উন্নয়ন ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বা অন্যায় বরদাস্ত করা হবে না। তিনি মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
মন্দির কমিটির সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদারসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

No comments:
Post a Comment