বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, July 4, 2026

আজ কাঁঠাল দিবস, জাতীয় ফল, ‘গরিবের মাংস’

রূপে বেঢপ, গায়ে কাঁটা, অথচ স্বাদে অতুলনীয়— এমনই এক ফল কাঁঠাল। কেউ এর প্রেমে দিওয়ানা, কেউ আবার গন্ধই সহ্য করতে পারেন না। কিন্তু এই ‘গরিবের মাংস’ খ্যাত ফলটিই যে বাংলাদেশ আর শ্রীলঙ্কার জাতীয় ফল। আজ ৪ জুলাই, কাঁঠাল দিবস। বহুমুখী ব্যবহার আর উদ্ভিদভিত্তিক খাদ্যের গুরুত্ব তুলে ধরতেই দিবসটি পালিত হয়ে আসছে।

কবি শামীম আজাদের ভাষায়, কাঁঠালকে ভালোবাসতে হয়, নইলে এর স্বাদ বোঝা যায় না। প্রাচীনকাল থেকেই বাংলার খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ এই ফল। কাঁচা কাঁঠালের তরকারিকে পুষ্টিকর ‘গরিবের মাংস’ বলা হয়, আর পাকা ফলের রসালো কোয়া শুধু মিষ্টি নয়, প্রোটিন, ফাইবার ও ভিটামিনেরও উৎস। সম্প্রতি রাজধানীর জাতীয় ফল মেলায় কাঁঠালের বিরিয়ানি, বার্গার, কাটলেট, পেস্ট্রি, কেক, এমনকি নকশিপিঠার মতো বিচিত্র সব পদ প্রদর্শিত হয়েছে, যা প্রমাণ করে এ ফলের সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগেনি।

কৃষি তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে প্রায় ১৮ লাখ ৩০ হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদিত হয়েছে, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায়ের মতে, সর্বত্র জন্মানো, সহজলভ্যতা আর সংস্কৃতির সঙ্গে গভীর যোগাযোগই একে জাতীয় ফলের মর্যাদা এনে দিয়েছে। উদ্ভিদবিদদের ধারণা, ভারতের পশ্চিমঘাট পর্বতমালা এর আদি নিবাস।

২০১৬ সালে যাত্রা শুরু হওয়া কাঁঠাল দিবসের মূল বার্তা— দেশের জাতীয় ফলকে নতুন করে চেনা। তাই আজ হাতে একটি পাকা কাঁঠালের কোয়া তুলে নিন, কিংবা রান্নাঘরে তৈরি করে ফেলুন কোনো নতুন পদ। যুগ যুগের চেনা এই ফলকে হয়তো আবার নতুন করে আবিষ্কার করবেন আপনি।


 

No comments:

Post a Comment

"
"