ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের ভবানীপুর এলাকায় একটি শ্মশানে শবদাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, ভবানীপুর গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র রায়ের মৃত্যুর পর তাঁর মরদেহ স্থানীয় শ্মশানে সৎকারের জন্য নেওয়া হলে মো. বারকাত মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি শবদাহে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত একজন আহত হন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দাবি, সংশ্লিষ্ট জমিটি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই সেখানে শবদাহে বাধা দেওয়ার কোনো আইনগত বা সামাজিক ভিত্তি নেই।
তবে মো. বারকাত মিয়ার দাবি, বিরোধপূর্ণ জমিটি তাঁর পৈতৃকভাবে কেনা সম্পত্তি এবং জমিটির মালিকানা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত নয় বলে তিনি দাবি করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment