সিরাজগঞ্জে জমি বিরোধে আদিবাসী পরিবারকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কর্ণঘোষ গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি আদিবাসী পরিবারকে প্রাণনাশের হুমকি ও দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কর্ণঘোষ মৌজার আরএস ১৩২ নম্বর খতিয়ানের ৬৮০, ৬৮১ ও ৬৭৩ নম্বর দাগের ২৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আদালত ওই জমির বিষয়ে বাসন্তী মাহাতোর পক্ষে রায় দেন।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায়ে পরাজিত হওয়ার পর নিয়ামত আলীর ছেলে আব্দুল মালেক, আশরাফুল ইসলাম এবং শাহজাহান আলীর ছেলে শরিফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বিধবা মেনকা রানী ও বাসন্তী মাহাতোকে পরিবারসহ ১৫ দিনের মধ্যে ভারত চলে যেতে বলেন। পাশাপাশি তাদের জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মেনকা রানী ও বাসন্তী মাহাতোর দাবি, অভিযুক্তরা আগে জমির মালিকানা দাবি করে সিরাজগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। পরে মামলাটি খারিজ হয়ে যায়। পরবর্তীতে জমি দখল ও হুমকির অভিযোগে তারা আরেকটি মামলা করেন, যেখানে অভিযুক্তরা আদালতে মুচলেকা দিয়ে বন্ডে স্বাক্ষর করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, পরপর দুটি মামলায় পরাজিত হওয়ার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে গত ৩০ জুন বিকেলে আবারও হত্যার হুমকি দেন। এ ঘটনায় ২ জুলাই তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তবে অভিযুক্ত শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, জমির মামলার রায় প্রতিপক্ষের পক্ষে গেছে ঠিকই, কিন্তু কাউকে দেশ ত্যাগের কথা তারা বলেননি।
তাড়াশ থানার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment