বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, July 1, 2026

ঠাকুরগাঁওয়ে একই বিদ্যালয়ের চার ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ, উদ্বেগে পরিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের খুশি (১৭), মলিকা (১৭), ঋতু দেবনাথ (১৬) এবং সুজতি রানী দেবনাথ (১৪)। তাদের মধ্যে খুশি, মলিকা ও ঋতু সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং সুজতি একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে বিদ্যালয় ও প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সেদিন তারা কোথাও উপস্থিত হয়নি। রাত পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

খুশির বাবা মানিক চন্দ্র বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, চার শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

"
"