বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, July 21, 2026

চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন অ্যাডভোকেট শহিদুল আলম রাহাত। একই সঙ্গে মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজিরের আদালতে এ ঘটনা ঘটে। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

আদালত সূত্রে জানা যায়, চার্জশিটভুক্ত আসামি চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নেন। অন্য আসামিদের কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাক্ষী শহিদুল আলম রাহাত বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তার সাক্ষ্য চলাকালে আদালত কক্ষে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

আসামিপক্ষের আইনজীবীরা জেরার জন্য পুনরায় সময় চাইলে আদালত তা মঞ্জুর করে আগামী ২০ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এদিন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদনও নামঞ্জুর করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। অভিযোগ, তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজুর রহমান চার্জশিট দাখিল করেন, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে মামলার বিচার চলমান রয়েছে।

No comments:

Post a Comment

"
"