বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, July 11, 2026

শিক্ষকের রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় দীপা রানী দাস (৫১) নামে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার রনগোপালদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের সহকর্মীরা অভিযোগ করে বলছেন, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার ছিলেন এবং এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন।

দীপা রানী উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের 'হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা' বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার সহকর্মীদের দাবি, নির্যাতনের কারণে তিনি একসময় প্রায় এক বছর উলানিয়ায় আলাদা বাসা ভাড়া ছিলেন। পরে স্বামী শুভ্র সূচি দাসের প্রতিশ্রুতিতে আবার ফেরেন। সহকর্মীরা দুবার পারিবারিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

সহকর্মীরা আরও জানান, নিরাপত্তার জন্য দীপা রানী পুলিশ সুপার কার্যালয় ও থানায় সাধারণ ডায়েরি করেছিলেন এবং স্বামীর কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছিল। প্রায় দুই বছর আগে জীবন হুমকির মুখে পড়লে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছিল। তার এমন মৃত্যুকে স্বাভাবিক মনে করছেন না সহকর্মীরা, তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেছেন।

তবে স্বামী শুভ্র সূচি দাস সব অভিযোগ অস্বীকার করে বলেন, "এসব তিন বছর আগের কথা, এখন আর এসব বলে লাভ নেই। কেন এমন করল, তা জানি না।"

দশমিনা থানার ওসি মো. আতিকুল রহমান জানান, অপমৃত্যু মামলা হয়েছে, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট ও তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

No comments:

Post a Comment

"
"