বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, July 24, 2026

মানিকগঞ্জে মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে দুই নারী আটক


মানিকগঞ্জ পৌরসভার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২২ জুলাই) দুপুরে মন্দির এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আটক দুই নারী হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হালুয়াপাড়া এলাকার বিলকিস আক্তার (২০) এবং লাখাই উপজেলার মৌশাদিয়া এলাকার মিনা আক্তার (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠান চলাকালে শত শত ভক্তের সমাগম ছিল। অভিযোগ রয়েছে, দুই নারী শাঁখা-সিঁদুর পরে হিন্দু ধর্মাবলম্বীর পরিচয়ে অনুষ্ঠানে প্রবেশ করেন। একপর্যায়ে প্রসাদ গ্রহণের সময় এক নারী ভক্তের গলায় থাকা স্বর্ণের চেইন চুরি করার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাদের হাতেনাতে আটক করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর ক্ষুব্ধ জনতা তাদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারীকে নিজেদের হেফাজতে নেয়।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকার জানান, মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মন্দিরে অনুষ্ঠানের সময় চুরির অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার বিষয়ে পুলিশ আরও তদন্ত করছে। উল্লেখ্য, চুরির অভিযোগ ও অন্যান্য দাবি এখনো আদালতে প্রমাণিত হয়নি। অভিযুক্তরা আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন যতক্ষণ না তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

 

No comments:

Post a Comment

"
"