কক্সবাজারের খুরুশকুলে আলোচিত সন্ন্যাসী নয়ন সাধু হত্যা মামলায় প্রায় তিন মাস পর একজন আসামি গ্রেপ্তার হওয়ায় বর্তমান সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কক্সবাজার সদর উপজেলা ও পৌর শাখা।
তবে একইসঙ্গে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশের জেরে পূজা উদযাপন পরিষদের নেতা ও সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক শুভরাম দাশ স্বাক্ষরিত এই বক্তব্য প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক অন্তর দে বিশালকে হুমকি দেওয়ার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।
তারা বলেন, একজন সাংবাদিক সত্য উদঘাটন করে সংবাদ প্রকাশের কারণে যদি ভয়ভীতি, হুমকি কিংবা মিথ্যা মামলায় ফাঁসানোর আশঙ্কায় থাকেন, তাহলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য গুরুতর হুমকি।
সংগঠনটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হুমকিদাতাকে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনতিবিলম্বে হুমকিদাতার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। নয়ন সাধু হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনটি।
.jpeg)
No comments:
Post a Comment