পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছৈলাবুনিয়া মৌজার সিএস খতিয়ানের রেকর্ডীয় মালিক নিকুঞ্জ মাঝির মৃত্যুর পর তাঁর উত্তরাধিকার ও জমির মালিকানা নিয়ে বিরোধ তৈরি হয়। আদালতের রায়ে জমি ক্রয়কারীদের পক্ষে সিদ্ধান্ত এলেও দীর্ঘদিন ধরে মো. হারুন, দেলোয়ার ও নাসির মৃধাসহ কয়েকজন ওই জমি ভোগদখল করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
ক্ষতিগ্রস্ত পক্ষের অভিযোগ, শনিবার সকালে আদালতের কাগজপত্র নিয়ে জমিতে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন লাঠি-দা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া জমিতে কৃষিকাজের জন্য ট্রাক্টর নিয়ে গেলে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং ট্রাক্টরের ওপর হামলার অভিযোগ রয়েছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ক্ষতিগ্রস্ত পক্ষ জানিয়েছে, সংখ্যালঘু হওয়ায় আদালতের রায় তাদের পক্ষে থাকার পরও প্রতিপক্ষের বাধার কারণে তারা জমি ভোগদখল করতে পারছেন না। প্রশাসনের সহযোগিতা ও আইনগত নিরাপত্তা চেয়েছেন তারা। প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment