বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, August 13, 2026

শেরপুরের অজ্ঞাত লাশ উদ্ধারকে কেন্দ্র করে আদিবাসী গারো পল্লীতে হামলা-ভাঙচুর

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পূর্বগজারিকুড়া-বন্দধারা এলাকায় একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসী মান্দি (গারো) জনগোষ্ঠীর ওপর হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী গ্রামের কিছু লোক আদিবাসী অধ্যুষিত পূর্ব গজারিকুড়ায় হামলা চালায়। এ সময় ৬টি বাড়ি ভাঙচুর, একটি বাড়ির আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয় এবং ৪টি গরু, ১০টি ছাগল, একটি মোটরসাইকেলসহ দামি আসবাবপত্র লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দা অসীম ম্রং-এর বাড়িতে কয়েকজনকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় মিশনের পাল-পুরোহিত এবং গ্রাম কাউন্সিলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আটকে রাখা ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১৯ জন আদিবাসীকে আটক করেছে পুলিশ। তাদের থানায় নিয়ে যাওয়া হলেও স্বজনদের সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। থানার বাইরে দেশীয় অস্ত্র নিয়ে বিপুল সংখ্যক লোক অবস্থান করছে বলে জানা গেছে।

নিরাপত্তার স্বার্থে প্রশাসন ৭২ ঘণ্টার জন্য পুলিশ মোতায়েন করেছে। পূর্বগজারিকুড়া ও বন্দধারা গ্রাম ব্লক করে দেওয়া হয়েছে এবং এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।

স্থানীয় গারোদের দাবি, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্রাম ব্লক ও চলাচলে বাধায় তারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন।


 

No comments:

Post a Comment

"
"