মানিকগঞ্জে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ৭২ বছর বয়সী স্বর্ণ ব্যবসায়ী পতিত পবন শীল ও তাঁর ছেলের ওপর হামলা চালিয়ে সোনা, রুপা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে চার দুর্বৃত্তের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে এগিয়ে আসা এক প্রতিবেশীকেও মারধর করা হয়। পরে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পবন শীলের পরিবার সূত্রে জানা যায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পবন শীল ও তাঁর ছেলে প্রবীর কুমার শীলের পথরোধ করে চার দুর্বৃত্ত। তারা লোহার রড দিয়ে বাবা-ছেলের মাথায় আঘাত করে। একপর্যায়ে তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে প্রায় ৬০ ভরি রুপা, দুই আনা সোনা ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নেয়।
বাবা-ছেলের চিৎকার শুনে প্রতিবেশী মনোরঞ্জন পাল (৫০) এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও রড দিয়ে মারধর করে আহত করে। পরে আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পবন শীল, তাঁর ছেলে প্রবীর কুমার শীল (৩২) ও প্রতিবেশী মনোরঞ্জন পালকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
হামলায় গুরুতর আহত পবন শীলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবীর কুমার শীল ও মনোরঞ্জন পালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

No comments:
Post a Comment