নিজস্ব প্রতিবেদক, ২৩ আগস্ট ২০২৬: মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে একটি বৌদ্ধ বিহারে সামরিক বাহিনীর বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছেন। নিহত সবাই বয়স্ক নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে বিহারটিতে ধ্যানের আয়োজন চলছিল, এ সময় সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থাপনাটিতে দুই দফা বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২১ আগস্ট) সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে।
গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানান, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে পাঁচজন একই গ্রামের বাসিন্দা এবং বাকি ৯ জন পাশের একটি শহরের বাসিন্দা। নিহতদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে বলে জানান তিনি।
নাম প্রকাশ না করা আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নেওয়ার সময় বিমানটি আবার এসে দ্বিতীয় দফায় বোমা হামলা চালায়।
২০২১ সালে অং সান সু চির সরকারকে উৎখাত করে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে এবং সামরিক শাসন জারি রয়েছে। বেসামরিক স্থাপনায় হামলা চালানোর অভিযোগ মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রায়ই ওঠে। তবে বাহিনীটি এর আগে জানিয়েছে, তারা শুধু বৈধ ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালায়। কিন্তু এই হামলার বিষয়ে এখনো তারা কোনো মন্তব্য করেনি।
.jpeg)
No comments:
Post a Comment