বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, August 18, 2026

নীলফামারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙাচুরের অভিযোগ

নীলফামারীর জলঢাকা পৌর এলাকার মুদি পাড়ায় প্রায় ১০০ বছরের পুরোনো একটি কালী মন্দিরের প্রবেশগেট ও পূর্বদেয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মন্দিরসংলগ্ন রাস্তা সম্প্রসারণ ও পাকাকরণের কাজকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন মন্দিরসংশ্লিষ্টরা।

অভিযোগকারী প্রশান্ত কর্মকার জানান, পৌরসভার কাঁচা রাস্তাটি পাকা করার জন্য কাজ চলছে। রাস্তার নির্ধারিত প্রস্থ নিয়ে জটিলতা তৈরি হলে মন্দিরের প্রবেশগেট ও পূর্বদেয়াল ভেঙে ফেলা হয়েছে। তিনি দাবি করেন, উন্নয়নকাজের বিরোধিতা না করলেও ধর্মীয় স্থাপনার অংশ ভাঙার আগে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।

সরেজমিনে মন্দিরের পূর্বদিকের দেয়াল ও প্রবেশগেট ভাঙা অবস্থায় দেখা গেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মন্দিরটি এলাকার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

ঘটনার খবর পেয়ে জলঢাকার সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এমপি জানান, তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় প্রশান্ত কর্মকার জলঢাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী প্রশাসনের তদন্তের মাধ্যমে মন্দির ভাঙার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তের পাশাপাশি মন্দিরের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"