বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 5, 2026

রংপুরে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু, গুরুতর আহত নাতি


রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকচাপায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারের জুটমিলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গঙ্গাচড়া সদর ইউনিয়নের পশ্চিম মানদ্রাইন এলাকার নির্মল চন্দ্র রায় (৭৫) এবং তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্মল চন্দ্র রায়, তাঁর ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা বাজার এলাকায় একটি ট্রাককে পাশ দিতে গিয়ে সড়কে শুকাতে দেওয়া ধানের খড়ের ওপর মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই প্রশান্ত চন্দ্র রায়ের মৃত্যু হয়। গুরুতর আহত নির্মল চন্দ্র রায় ও শিশু বন্ধনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নির্মল চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। আহত শিশু বন্ধন বর্তমানে এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

"
"