বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, June 29, 2026

June 29, 2026

চট্টগ্রামে কালীমন্দিরে চুরির ঘটনায় মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনায় মূল হোতা হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত স্বর্ণ ও রূপার অলংকার বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা চোরেরা বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা, বিনাগ লেইন, গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে প্রবেশ করে মন্দিরের মূর্তিতে থাকা প্রায় ১ লাখ টাকার স্বর্ণালংকার এবং ১ লাখ ২৫ হাজার টাকার রূপার অলংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিম-এর নেতৃত্বে এসআই খায়রুল বাসার সাজিদ এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন রাতে নগরীর সাগরিকা রোডের বিটাক মোড়স্থ তিতাস ফার্মেসি এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মামলার তদন্তে প্রাপ্ত মূল অভিযুক্ত মো. আরমান (৩৩)-কে গ্রেফতার করা হয়। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মালামাল বিক্রির ১১ হাজার ৫৩৮ টাকা নগদ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চোরাইকৃত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে।
June 29, 2026

ময়মনসিংহে গৃহবধূ রেনু রানী হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেফতার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গৃহবধূ রেনু রানী সেন (৫২) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মাজহারুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সজীব কুমার দাস।
থানার এজাহার অনুযায়ী, গত ২২ জুন বিকেলে নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের রেনু রানী সেন। পরদিন স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তারাকান্দার তিয়রকান্দি বাজার এলাকার একটি ডোবার কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের স্বামী ননী চন্দ্র সেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ তিয়রকান্দি গ্রামের মাজহারুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে এবং বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কাকনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ জানান, জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন। তদন্ত চলমান রয়েছে এবং এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
June 29, 2026

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে যুবক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলাম ধর্ম সম্পর্কে অশ্রাব্য মন্তব্যের অভিযোগে প্রশান্ত দাস (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) শহরের কলেজ পাড়া এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, কলেজ পাড়ার একটি দোকানের সামনে কয়েকজন মিলে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করছিলেন। এ সময় অভিযুক্ত প্রশান্ত দাস ইসলাম ধর্ম সম্পর্কে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা সৃষ্টি হয় এবং খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
স্থানীয় ব্যবসায়ী এরশাদ ও আরিজ জানান, ধর্মীয় বিষয়ে আলোচনার এক পর্যায়ে প্রশান্ত আপত্তিকর মন্তব্য করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির একটি ভিডিও দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Sunday, June 28, 2026

June 28, 2026

রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ৬৪ জেলায় স্মারকলিপি ও শহীদ মিনারে সমাবেশের ঘোষণা

ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননা এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ। শনিবার (২৭ জুন) আয়োজিত এই সম্মেলনে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ন্যায়বিচার নিশ্চিত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি, আগামী ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা সরকার ও প্রশাসনের প্রতি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। একইসঙ্গে ধর্মীয় সম্প্রীতি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
নেতৃবৃন্দ ঘোষিত সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, সনাতন সম্প্রদায় ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।
June 28, 2026

রাঙ্গুনিয়ায় অগ্নিদগ্ধ অসীম দাশের পরিবারের পাশে ব্রজবাসী সংঘ, দিলেন খাদ্য-বস্ত্র ও নগদ সহায়তা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া দাশ পাড়ায় সম্প্রতি আকস্মিক অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া গুরুভ্রাতা অসীম কুমার দাশের পরিবারের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রী গুরু ব্রজবাসী সংঘ বাংলাদেশ। সংঘগুরু অমিয়তোষ মনি ব্রজবাসী মহারাজের নির্দেশে সংঘের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বস্ত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
কয়েকদিন আগের ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অসীম কুমার দাশের বসতবাড়ি, ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি।
এই দুঃসময়ে সংঘের প্রতিনিধিরা জানান, সনাতন ধর্ম কেবল পূজা-অর্চনার মধ্যে সীমাবদ্ধ নয়; মানবসেবা ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও এর গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই গুরুভ্রাতার পরিবারের পাশে দাঁড়ানোকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে নিয়েছেন।
এ সময় সংঘের নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান, যেন সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পুনর্বাসনে এগিয়ে আসেন। তাদের প্রত্যাশা, সবার সহযোগিতায় অসীম দাশের পরিবার আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি ফিরে পাবে।
ব্রজবাসী সংঘের এই মানবিক উদ্যোগ সনাতন সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং স্থানীয় ভক্তবৃন্দও গভীর সহমর্মিতা জানিয়েছেন।
June 28, 2026

গোপালগঞ্জে ভোটকেন্দ্রিক বিরোধে সংখ্যালঘু পরিবারের শিশুসহ ৪ সদস্যকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে এক সংখ্যালঘু হিন্দু পরিবারের শিশুসহ চার সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের রামদিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ক্ষিতিশ বিশ্বাস (৬৫), তার স্ত্রী তুলসী বিশ্বাস (৫০), মেয়ে ইতি রানী বিশ্বাস (৩০) এবং নাতি দেবরাজ বিশ্বাস (১৫)। তারা স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ক্ষিতিশ বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস বাদী হয়ে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে প্রতিবেশী ইউপি সদস্য আজিবর মোল্যার সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। সেই জেরে বৃহস্পতিবার ক্ষিতিশ বিশ্বাসের নাতির ওপর আজিবর মোল্যার লোকজন চড়াও হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এতে নারী ও শিশুসহ চারজন আহত হন।
তবে অভিযুক্ত ইউপি সদস্য আজিবর মোল্যা দাবি করেন, "খেলাধুলা নিয়ে শিশুদের মধ্যে হাতাহাতি হয়েছিল, পরে মহিলাদের মধ্যে চেঁচামেচি হয়েছে। থানায় যেভাবে অভিযোগ করা হয়েছে, তেমন কিছু ঘটেনি।"
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, "তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
June 28, 2026

পাবনার সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরি, টাকাসহ গ্রেফতার ১

পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় পুলিশ চুরি যাওয়া টাকার একাংশ উদ্ধারসহ মৃদুল হোসেন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে দুর্বৃত্তরা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পরে সিসিটিভি ফুটেজ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন মৃদুল হোসেনকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শনিবার ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
June 28, 2026

১০০ জনের বেশি অতিথি হলে গুনতে হবে ২৫ টাকা করে

বিয়ে, জন্মদিন বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি এলে জনপ্রতি ২৫ টাকা করে সরকারি ফি দিতে হবে— এমনই এক প্রায় বিস্মৃত ‘অতিথি নিয়ন্ত্রণ আদেশ’ আবার আলোচনায় এসেছে। ১৯৮৪ সালে জারি করা এ আদেশটির বর্তমান কার্যকারিতা নিয়ে সম্প্রতি জাতীয় সংসদে কথা বলেছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
১৯৮৪ সালের ৩ জুলাই জারি করা ‘অতিথি নিয়ন্ত্রণ আদেশ’ অনুযায়ী, কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বা সামাজিক আয়োজনে নিজ পরিবারের সদস্যদের বাইরে ১০০ জনের বেশি অতিথিকে চাল বা গমের তৈরি খাবার পরিবেশন করতে পারবেন না। যদি বিশেষ কারণে তার বেশি অতিথি করতেই হয়, তবে জেলা প্রশাসক বা ইউএনওর কাছ থেকে পূর্বানুমতি নিয়ে নির্ধারিত ট্রেজারি চালানের মাধ্যমে প্রত্যেক অতিরিক্ত অতিথির জন্য ২৫ টাকা করে রাজস্ব জমা দিতে হবে। এই নিয়ম মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য অনুষ্ঠানস্থলে প্রবেশ করে তল্লাশি চালানোর আইনি ক্ষমতা দেওয়া আছে খাদ্য পরিদর্শক, পুলিশের গেজেটেড কর্মকর্তা বা প্রশাসনের মনোনীত কর্মকর্তাকে। নিয়ম লঙ্ঘন করলে আয়োজক ও ভেন্যুর মালিক উভয়েরই জরিমানা বা কারাদণ্ড হতে পারে।
২০০৩ সালে এক সংশোধনীতে মিলাদ মাহফিল, ইফতার, কুলখানি, ওরস ও শ্রাদ্ধের মতো ধর্মীয় আচার-অনুষ্ঠানকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে বাতিল না হলেও কার্যকর প্রয়োগ ও নজরদারির অভাবে এই আদেশটি এখন পুরোপুরি নিষ্ক্রিয়। দেশের বড় বড় কমিউনিটি সেন্টার বা কনভেনশন হলে হাজারো মানুষের উপস্থিতিতে বিয়েসহ নানা জমকালো আয়োজন হলেও এই অনুমতি নেওয়া বা ফি জমা দেওয়ার প্রথা একেবারেই চর্চায় নেই।
সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিয়ে ও গায়েহলুদের মতো অনুষ্ঠানে জাঁকজমক ও অপচয় রোধে এই আদেশ আবার কার্যকর করার আহ্বান জানানোর পরই ফের এটি নিয়ে আলোচনা শুরু হয়। একটি আইন থেকে গেলেও তার বাস্তব প্রয়োগ না থাকার আরেকটি উদাহরণ হয়ে রইল এই ‘অতিথি নিয়ন্ত্রণ আদেশ’।

Saturday, June 27, 2026

June 27, 2026

চুয়াডাঙ্গায় দুধপানের পর শ্বাসনালীতে আটকে তিন মাসের শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মায়ের দুধ পান করার পর শ্বাসনালীতে তা আটকে মেঘলা ঘোষ নামে মাত্র তিন মাস বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে জীবননগর পৌরসভার প্রাইমারি স্কুলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ভোর ৪টার দিকে মা সরস্বতী ঘোষ শিশুটিকে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে দেন। কিছুক্ষণ পর ঢাকা থেকে ফেরা বাবা মাধু ঘোষ ঘুমন্ত মেয়েকে কোলে তুলে তার শরীর নিস্তেজ অনুভব করেন এবং মুখ কালচে হয়ে যেতে দেখেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার এক থেকে দুই ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুধ পান করার পর তা শ্বাসনালীতে আটকে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে এটিকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
June 27, 2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হরিজন সম্প্রদায়ের নন্দিনী বাঁসফোর

মেধা ও অদম্য ইচ্ছাশক্তির অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী নন্দিনী বাঁসফোর গুঞ্জন। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয়, নন্দিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পান। তবে পারিবারিক ও অন্যান্য বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি এবং ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পাওয়ার হাউজ এলাকার রুবেল নাথ বাঁসফোর ও শিল্পী রাণী বাঁসফোরের কন্যা নন্দিনী পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে এমন সাফল্য অর্জন করায় তা হয়ে উঠেছে বহু শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস। তার এই কৃতিত্ব প্রমাণ করে, সুযোগ ও পরিশ্রমের সমন্বয় ঘটলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব। নন্দিনীর এই অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সবাই তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।
"
"