গাইবান্ধায় ভগবান রামচন্দ্রের ছবি অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথ হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংস্কৃতি বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে জগন্নাথ হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহা তপু বলেন, "শ্রী রামচন্দ্র আমাদের দশ অবতারের অন্যতম আরাধ্য। একদল উগ্রবাদী শক্তি প্রথমে তাঁকে নিয়ে গুজব ছড়িয়েছে, তারপর আরেক দল তার ছবি অবমাননা করেছে। এর মাধ্যমে সমগ্র সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। দেশে সম্প্রীতি বজায় রাখতে চাইলে এই বিভাজনের রাজনীতি রুখতে হবে।"
হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দ্বীপ্ত বলেন, "গত দুই বছরে ধর্ম অবমাননার নামে সংখ্যালঘুদের ওপর অসংখ্য হামলা ও মামলা হয়েছে, কিন্তু কোনো বিচার হয়নি। দীপু চন্দ্র দাশের হত্যাকারী জামিন পায়, অথচ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিচার হয় না।"
জিএস সুদীপ্ত প্রামাণিক অভিযোগ করে বলেন, "নির্বাচনের আগে সরকারগুলো সংখ্যালঘুদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও পরে তা ভুলে যায়। বর্তমান সরকারের প্রতি আহ্বান— দ্রুত এই অবমাননার বিচার করতে হবে এবং পুনরায় যেন এমন ঘটনা না ঘটে, তার নিশ্চয়তা দিতে হবে।" দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
বিক্ষোভ থেকে গাইবান্ধায় দেশের বৃহত্তম রাম মূর্তির নির্মাণকাজ পুনরায় শুরুরও দাবি জানান শিক্ষার্থীরা। মিছিলে বিপুল সংখ্যক সনাতনী শিক্ষার্থী অংশ নেন।
.jpeg)
No comments:
Post a Comment