রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্র জানায়, শনিবার সকাল ১১টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের বিহারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর মেয়ে চিংম্রাসিং বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে রাত ৯টার দিকে তার বাবা চন্দ্রঘোনা থানায় জিডি দায়ের করেন।
চিংম্রাসিং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী। নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত তার অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সহযোগিতা কামনা করেছেন। কেউ তথ্য জানলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment