বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, June 15, 2026

গাইবান্ধায় রাম বিগ্রহ ভাঙার হুমকি ও ছবিতে জুতাপেটা, ঐক্য পরিষদের তীব্র নিন্দা

গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ ভেঙে ফেলার হুমকি এবং এক মিছিলে রামের ছবিতে জুতাপেটার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির মতে, এটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত ও ধর্ম অবমাননার সামিল। তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
রোববার (১৫ জুন) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাশবাড়ীর রাধাগোবিন্দ মন্দিরের রাম বিগ্রহ গুঁড়িয়ে দেওয়ার হুমকি এবং একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মিছিলে রামের ছবি জুতাপেটার ঘটনা গভীর উদ্বেগজনক ও উসকানিমূলক। এ ধরণের কার্যক্রম হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা।
ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেন, একটি চিহ্নিত সাম্প্রদায়িক গোষ্ঠী গত কয়েকদিন ধরেই এসব হুমকি দিয়ে আসছে। পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত বিদ্বেষমূলক প্রচারণা চালানো হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এমন কর্মকাণ্ড যে কোনো সময় সহিংসতায় রূপ নিতে পারে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, ধর্মীয় বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে।
এছাড়া দেশের সব অসাম্প্রদায়িক নাগরিক, সামাজিক সংগঠন, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক দলের প্রতি এই ধরণের উসকানি ও বিদ্বেষের বিরুদ্ধে একাট্টা হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ঐক্য পরিষদ।

No comments:

Post a Comment

"
"