বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 12, 2026

নবাবগঞ্জে ঈদের দিন নিখোঁজ মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কোরবানির ঈদের দিন মাছ ধরতে গিয়ে নিখোঁজ নারায়ণ সরকার (৫০) নামে এক থাই গ্লাস মিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাতদিন পর বৃহস্পতিবার সকালে উপজেলার নিকড়া চক এলাকার আড়িয়াল বিলের একটি ডাঙার পাশ থেকে মরদেহটি পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরিবার সূত্র জানায়, নারায়ণ সরকার ঢাকার বসুন্ধরা এলাকায় কাজ করতেন। কোরবানির ঈদ উপলক্ষে বাড়ি ফেরেন। ঈদের দিন সকালে স্থানীয় জগদীশ সরকারের সঙ্গে নিকড়ার বিলে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরদিন তার স্ত্রী চম্পা রাণী সরকার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্বামীকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন তিনি।
নিখোঁজের সাতদিন পর বৃহস্পতিবার স্বজনরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আবারও বিলে খোঁজতে গেলে নিকড়া চকের একটি ডাঙার পাশে জমে থাকা পানিতে নারায়ণের মরদেহ ভাসতে দেখেন। পরে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ জানান, মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পরপরই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে, স্বজনরা দ্রুত রহস্য উদঘাটন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"