বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 23, 2026

ফরিদপুরের বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর, উদ্বেগ সনাতন সম্প্রদায়ে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি শতবর্ষী কালী মন্দিরে হামলা চালিয়ে কালী ও শিব প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ, ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি এলাকার ঐতিহ্যবাহী দক্ষিণেশ্বর কালী মন্দিরে এ হামলা চালানো হয়। স্থানীয়দের দাবি, বহু বছরের পুরোনো এই মন্দিরটি এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয় সনাতন সম্প্রদায়ের সদস্যরা বলছেন, উপাসনালয় ও প্রতিমায় হামলা কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, এটি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের জন্যও হুমকি। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এর আগে ফরিদপুরের মধুখালী উপজেলায়ও দুটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। তার পর এই তৃতীয় ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় প্রশাসনের আরও কার্যকর উদ্যোগ জরুরি।
ফরিদপুর জেলা হিন্দু ছাত্র পরিষদের বোয়ালমারী শাখা জানিয়েছে, তারা শিগগিরই প্রশাসন ও মন্দির কমিটির সঙ্গে বসে ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে পদক্ষেপের দাবি জানাবে।
স্থানীয়রা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানালেও এ ঘটনায় এখনো প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে সবাই।

No comments:

Post a Comment

"
"