বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, July 11, 2026

সব ধর্মের মানুষ নিয়েই এগোবে বাংলাদেশ, সিলেটে বললেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, "দেশ আমাদের সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে, সম্প্রীতির পরিবেশ ধরে রাখতে হবে।" সিলেট বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে তিনি বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ দেওয়া যাবে না।

শুক্রবার (১০ জুলাই) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে সংখ্যালঘু ভোটারদের সমর্থনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, "যোগ্যতার ভিত্তিতে সব ধর্মের মানুষকে প্রশাসনে সুযোগ দিতে হবে।" তিনি জানান, সম্মেলনে উত্থাপিত দাবিগুলো প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করবেন এবং প্রয়োজনে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করবেন।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের কথা জানিয়ে মন্ত্রী বলেন, এলাকার আটটি মন্দির ও চারটি শ্মশানের সংস্কার চলছে, আশা করছি সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনে বৈষম্যের সমালোচনা করে তিনি যোগ্যদের প্রাপ্য জায়গা নিশ্চিত করার ওপর জোর দেন।

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ বিভিন্ন জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলনে প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব ও 'স্বাধিকার' নামীয় একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সকালে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।


 

No comments:

Post a Comment

"
"