পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বণিকপাড়ার শতবর্ষী দোল মন্দিরে দীর্ঘদিন ধরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মন্দিরসংলগ্ন একটি জমিকে নিজেদের দাবি করে সেটিকে চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে সজীব বণিক, স্বরূপ বণিক, ঝুমুর বণিক, নুপুর বণিক ও রূপায়ন বণিকসহ কয়েকজন মন্দিরের একটি অংশ ভাঙচুর শুরু করেন। এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে সঞ্জিব বণিক গুরুতর আহত হন। এছাড়া অপূর্ব বণিক, রত্না বণিক, শিল্পী চৌধুরীসহ আরও কয়েকজন আহত হন।
স্থানীয় বাসিন্দা শুভাস বণিকের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মন্দিরের জমি দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। তার অভিযোগ, হামলার সময় মন্দিরের একটি অংশ ভেঙে ঘটনাস্থল ত্যাগ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্য জিনা বণিক বাদী হয়ে সজীব বণিক, স্বরূপ বণিকসহ ১০ জনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments:
Post a Comment