বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, July 19, 2026

মানিকগঞ্জ ও সাটুরিয়ায় নির্মিত হবে দুটি মডেল মন্দির ও শ্মশানঘাট: পর্যটনমন্ত্রী

মানিকগঞ্জ, ১৮ জুলাই ২০২৬: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানিকগঞ্জের মানুষ সবসময় ঐক্যবদ্ধ। এখানকার সম্প্রীতি ও সৌহার্দ্য অন্যান্য জেলায় খুব কমই দেখা যায়। সনাতন ধর্মাবলম্বীদের প্রয়োজনীয় উন্নয়নে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, "নির্বাচনের সময় মানিকগঞ্জবাসী ধর্ম-বর্ণ নির্বিশেষে আমার পাশে ছিল। তাদের ভালোবাসায় আজ আমি এ পর্যায়ে এসেছি। ৫ আগস্টের পরও আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম। এ জেলায় কোনো ভেদাভেদ নেই—মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সম্প্রীতির বন্ধনে বসবাস করছি।"

মন্ত্রী আরও বলেন, "বর্তমান সরকারের বয়স মাত্র পাঁচ মাস। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে জনজীবনের মানোন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছেন।"

তিনি জানান, গত ১৭ বছরে মানিকগঞ্জে তেমন কোনো উন্নত মন্দির বা শ্মশানঘাট নির্মিত হয়নি। সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে এসব সমস্যার কথা শুনে মানিকগঞ্জ ও সাটুরিয়ায় দুটি মডেল মন্দির ও শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে তাদের প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের ভোজের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, জেলা বিএনপি নেতা জহির আলম খান লদী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা মিঠু রবিদাসসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের নেতাকর্মীরা।


 

No comments:

Post a Comment

"
"