বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, July 23, 2026

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক ধারণা

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার (২৬) নামের এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই ভবনের নিচতলার একটি কক্ষে একা থাকতেন উচ্ছ্বাস। গত কয়েক দিন ধরে তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মেসের অন্য বাসিন্দা ও প্রতিবেশীদের সন্দেহ হয়। খবর পেয়ে বন্দর থানা পুলিশ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ দরজা ভেঙে ভেতর থেকে তার ঝুলন্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মরদেহের সার্বিক অবস্থা বিবেচনা করে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শুভ বৈরাগী নামের আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল।


 

No comments:

Post a Comment

"
"