বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, July 22, 2026

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকা বাজারজাতের অনুমোদন

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) জাপানি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’ ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধে কোনো টিকা বাজারে আসার পথ সুগম হলো।

কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই টিকা ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে এই টিকা প্রদান করতে হবে। কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের (ধরন) বিরুদ্ধেই কার্যকর সুরক্ষা দেয় বলে জানিয়েছে কোম্পানি।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিকা নেওয়ার আগে কারও ডেঙ্গু হয়েছে কি না, তা যাচাইয়ের কোনো প্রাক-পরীক্ষার প্রয়োজন নেই। আগে ডেঙ্গু সংক্রমণ হলেও এই টিকা নিরাপদে নেওয়া যাবে।

ভারতে ডেঙ্গু যখন বড় জনস্বাস্থ্য সংকট, তখনই এই অনুমোদন এলো। সরকারি হিসাবে, গত দুই দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-তৃতীয়াংশই ভারতের।

তাকেদার বৈশ্বিক গবেষণায় ফেজ-১, ফেজ-২ ও ফেজ-৩ ধাপে মোট ১৯টি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হয়েছে, যেখানে ডেঙ্গুপ্রবণ ও অপ্রবণ অঞ্চলের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নেন। শুধু ফেজ-৩ ট্রায়ালেই আটটি দেশের ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী যুক্ত ছিলেন।

পরীক্ষার তথ্য অনুযায়ী, দ্বিতীয় ডোজ নেওয়ার ১২ মাস পর ল্যাব-নিশ্চিত ডেঙ্গু প্রতিরোধে টিকাটির কার্যকারিতা ছিল ৮০.২ শতাংশ। আর ১৮ মাস পর ডেঙ্গুজনিত হাসপাতালে ভর্তি প্রতিরোধে এর কার্যকারিতা দেখা গেছে ৯০.৪ শতাংশ। সাড়ে চার বছর পর্যবেক্ষণে হাসপাতালে ভর্তি প্রতিরোধে টিকাটি ৮৪.১ শতাংশ কার্যকর ছিল।

বর্তমানে ব্রাজিলের জাতীয় টিকাদান কর্মসূচিতে কিউডেঙ্গা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার সরকারি কর্মসূচির মাধ্যমেও এটি সাধারণ মানুষ পাচ্ছে। এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের মোট ৪৩টি দেশে কিউডেঙ্গা অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ডেঙ্গুপ্রবণ এলাকায় এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে এবং এটি প্রি-কোয়ালিফিকেশন সনদও পেয়েছে।

তাকেদা জানিয়েছে, ভারতে টিকাটি দ্রুত ও সঠিকভাবে সরবরাহ করতে তারা দেশটির নিয়ন্ত্রক সংস্থা, জনস্বাস্থ্য অংশীজন ও স্বাস্থ্যসেবাদাতাদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।


 

No comments:

Post a Comment

"
"