বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে দীর্ঘদিন ধরে আদিবাসী চাক সম্প্রদায়ের ব্যবহৃত একটি ধর্মীয় শ্মশানের জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঐতিহ্যবাহী এই ধর্মীয় স্থানটি নিয়ে বিরোধ তৈরি হলে স্থানীয় চাকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে।
গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় নূর মোহাম্মদ নামের এক ব্যক্তি শ্মশানটির জায়গা নিজের দাবি করে বেশ কিছুদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, নূর মোহাম্মদের বাবা জীবিত থাকাকালীন এই জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। সম্প্রতি প্রভাব খাটিয়ে শ্মশানের চারপাশের ঘেরা কেটে ফেলা হয়েছে এবং জমিটি দখলের চক্রান্ত চলছে।
স্থানীয় চাক সম্প্রদায়ের মানুষ জানান, শ্মশান কোনো ব্যক্তিবিশেষের সম্পত্তি নয়, এটি একটি পুরো সম্প্রদায়ের আবেগ, ঐতিহ্য ও ধর্মীয় অধিকারের অংশ। কোনো পক্ষের বৈধ দাবি থাকলে তা আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত, জোরজবরদস্তি নয়।
এ বিষয়ে প্রতিকার চেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন দায়ের করেছেন স্থানীয়রা। তবে আবেদনের পরও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনাটিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। আদিবাসী চাক সম্প্রদায় জানিয়েছে, তারা সংঘাত নয়, শান্তিপূর্ণ ও আইনি সমাধান চান।
.jpeg)
No comments:
Post a Comment